প্রকাশিত: Mon, Jan 8, 2024 6:07 AM
আপডেট: Wed, Aug 5, 2026 8:56 AM

[১]দ্বাদশ জাতীয় সংসদে থাকছে না ৪টি দলের প্রতিনিধিত্ব [২]নৌকায় উঠেও-হেরে গেলেন তারা, ছয়টি আসনে ছাড় নিয়ে জিতলেন একটিতে

আসাদুজ্জামান সম্রাট : [৩] এবারের নির্বাচনে মহাজোটের শরীক দলগুলোতে মোট ৬টি আসনে ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। মহাজোটের প্রার্থীরা আওয়ামী লীগের ‘ নৌকা’ প্রতীকে নির্বাচন করলেও ৫টি আসনেই হেরে গেছে স্বতন্ত্র প্রার্থীদের কাছে। শুধুমাত্র ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন নির্বাচনে জয়লাভ করেছেন। ফলে দ্বাদশ জাতীয় সংসদে দেখা যাবে না প্রভাবশালী রাজনীতিবিদ আনোয়ার  হোসেন মঞ্জু ও হাসানুল হক ইনুকে।

[৪] মহাজোটের শরীক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে তিনটি আসনে ছাড় দেয়া হয়েছিল। তারা তিনটি আসনেই হেরে যায়। ওয়ার্কার্স পার্টিকে দুটি আসনে ছাড় দেয়া হলেও একটি আসনে হেরে যায়। শুধুমাত্র বরিশাল-২ আসন থেকে জয়লাভ করে রাশেদ খান মেনন। এখানে আওয়ামী লীগের এক নেতা স্বতন্ত্র প্রার্থী হলেও দু’টি উপজেলার আওয়ামী লীগের নেতারা রাশেদ খান মেননের পক্ষে ছিলেন।

[৫] পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকা প্রতীক দেয়া হলেও আওয়ামী লীগের নেতা-কর্মী,্উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানদের ৯০ ভাগই স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগ নেতার পক্ষ নেওয়ায় জীবনে প্রথমবারের মতো নির্বাচনে হারেন তিনি।

[৬] নির্বাচনের এই ফলাফলে এটা স্পষ্টতই বলা যায়, দশম জাতীয় সংসদ থেকে মহাজোটের শরীক তিনটি দল জাসদ, জেপি ও তরিকত ফেডারেশনের কোনো প্রতিনিধিত্ব থাকছে না। একই সঙ্গে হারিয়ে গেল সমমনা বিকল্পধারাও। অথচ ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরীক হয়ে নির্বাচনে অংশ নিয়ে জাসদ ৩টি, ওয়ার্কার্স পার্টি ২টি আসনে জয়ী হয়েছিল।

[৭] বিএনপি, জামায়াতসহ অনেক দলের অংশগ্রহণ ছাড়াই ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি ৫, জাসদ ৫, তরিকত ফেডারেশন ২, জেপি ২ ও বিএনএফ ১টি আসনে জয়ী হয়েছিল।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি ৫টি, জাসদ ৩টি, তরিকত ফেডারেশন ১টি ও জেপি ১টি আসনে জয়লাভ করে। এছাড়া বিকল্পধারাকে ছাড় দেয়ায় তারা ২টি আসনে জয়ী হয়েছিল। এবারের নির্বাচনে তরিকত ফেডারেশন ও বিকল্পধারাকে কোনো আসন ছাড় দেয়নি আওয়ামী লীগ। সম্পাদনা:সমর চক্রবর্তী